যশোর জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে নতুন করে ৩৫ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসফেরত ব্যক্তি ও শিক্ষার্থী রয়েছেন, যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১০ জুন) যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বাস্থ্য ও মেডিকেল বিটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়।
কর্মশালায় জানানো হয়, চলতি বছরের ৫ জুন পর্যন্ত জেলায় ১ হাজার ২০০-এর বেশি ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ৩৫ জনের এইচআইভি পজিটিভ ধরা পড়ে। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি জানান, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসী, ৫ জন বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং ১০ জন সমকামী। এছাড়া আরও ৬ জন সাধারণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞরা কর্মশালায় উদ্বেগ প্রকাশ করে বলেন, যশোরে এইচআইভি সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী ও প্রবাসীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাইরে সাধারণ মানুষের মধ্যেও সংক্রমণের হার বাড়ছে বলে তারা উল্লেখ করেন।
ওরিয়েন্টেশনে আলোচকরা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার রক্ষা এবং নৈতিকতার মানদণ্ড বজায় রেখে স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, সময়মতো পরীক্ষা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কর্মশালায় ডা. একেএম রাফিদ হোসেন উপস্থাপনা করেন। এ সময় যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. হাবিবা সুলতানা ফোয়ারা, এইচআইভি প্রোগ্রামের সমন্বয়কারী ডা. কানিজ ফাতেমা এ্যানিস, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কার্যকর কাউন্সেলিং ও সচেতনতা কার্যক্রম জোরদার না করা হলে ভবিষ্যতে সংক্রমণের হার আরও বাড়তে পারে। তাই এখনই প্রতিরোধমূলক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :