দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েছিলেন মা, পুকুরে মিলল দুই ভাইয়ের লাশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১০:৫০ পিএম

নড়াইলে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই সহোদর শিশু। ছোট ছেলেকে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েছিলেন মা। ঘুম থেকে জেগে উঠে সন্তানদের খুঁজে না পেয়ে শুরু হয় উদ্বেগ আর ছুটোছুটি। শেষ পর্যন্ত বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় দুই শিশুকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুধবার (১০ জুন) সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করানোর সময় ঘুমিয়ে পড়েন তাদের মা। এ সুযোগে দুই ভাই ঘর থেকে বের হয়ে খেলতে যায়। সকাল ১০টার দিকে ঘুম ভাঙার পর সন্তানদের ঘরে না দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এরপর আশপাশের বাড়িঘরে খোঁজাখুঁজি শুরু হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে স্থানীয় বাসিন্দারা বাড়ির নিকটবর্তী একটি পুকুরে খোঁজ চালান। সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। এলাকায়ও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Link copied!