গাজীপুরে গাছা থানায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৮:০২ পিএম

গাজীপুর মহানগরীর গাছা থানার বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস অবৈধ ইয়াবা সাদৃশ্য ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ি কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত (১০ জুন) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার এসআই মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে উত্তর খাইলকুর বটতলা এলাকায় সানোয়ার হোসেনের বসতবাড়ির গেটের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর বটতলা এলাকার আব্দুল হামিদের ছেলে সানোয়ার হোসেন (৩০) এবং একই এলাকার বেপারীপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাহাত হোসেন রাব্বি (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে গাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

Advertisement

Link copied!