কালিয়াকৈরে বন বিভাগের অভিযানে কোটি টাকার সরকারি জমি উদ্ধার

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৮:৫৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দখলকৃত জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার চন্দ্রা রেঞ্জ অফিসের  আওতাধীন বাড়ইপাড়া ইউনিয়নের উলুসাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি বনভূমি দখল করে সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে।
 
বিষয়টি জানতে পেরে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দখলদারদের নির্মিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি পুনরুদ্ধার করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, গত ৫ আগস্টের পর চন্দ্রা রেঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি বনভূমি দখল এবং গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা বৃদ্ধি পায়।
এসব দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। চন্দ্রা সহকারী বন সংরক্ষক (এসিএফ) শহিদুল ইসলাম শাকিলের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম শাকিল, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন, মৌচাক বিট কর্মকর্তা শাহাজান আলী, বাড়ইপাড়া বিট কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বনভূমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Advertisement

Link copied!