৪০ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:০৩ পিএম

দীর্ঘ চার দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় মেহেদী হাসান মিরাজের দল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের বোলাররা। টসে জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া কোনো রান যোগ করার আগেই হারায় ৩ উইকেট। ওয়ানডে ইতিহাসে নিজেদের অন্যতম বিব্রতকর সূচনা করা সফরকারীরা এরপরও বাংলাদেশের পেস আক্রমণের সামনে ধুঁকতে থাকে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা।

৮১ রানে ৬ উইকেট হারানোর পর জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন সপ্তম উইকেটে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে ৪১তম ওভারে তাসকিনের জোড়া আঘাতে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহের পর বৃষ্টির কারণে তাদের ইনিংস আর এগোয়নি। বাংলাদেশের হয়ে তাসকিন ও মোস্তাফিজ ৩টি করে এবং তানভীর ইসলাম ২টি উইকেট শিকার করেন।

দীর্ঘ বিরতির পর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ম্যাচটি ৪১ ওভারে নামিয়ে আনা হয় এবং বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ১৯২ রান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল ভিত্তি এনে দেন। সৌম্য ৪২ রান করে আউট হওয়ার পর শান্তও একই ব্যক্তিগত স্কোরে সাজঘরে ফেরেন। তবে আউট হওয়ার আগে তিনি ওয়ানডে ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করে বাংলাদেশের ১১তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন।

এরপর লিটন দাস ২১ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। ছয় নম্বরে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত দ্রুত রান তোলার চেষ্টা করলেও ২০ রান করে বিদায় নেন। ১৪৪ রানে ৫ উইকেট হারানোর পরও শেষদিকে আর কোনো বিপত্তি ঘটতে দেননি বাংলাদেশের ব্যাটাররা। দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে ৫ উইকেটের জয় নিশ্চিত করেন তারা।

এই জয়ের মধ্য দিয়ে শুধু সিরিজই নিশ্চিত করেনি বাংলাদেশ, বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ইতিহাসে প্রথম সিরিজ জয়ের নতুন অধ্যায়ও রচনা করেছে টাইগাররা।

Link copied!