উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের কোটি কোটি সমর্থকের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সবাইকে নিয়ে ম্যাচ উপভোগের প্রস্তুতি চলছে জোরেশোরে। এরই মধ্যে দেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে স্বস্তিদায়ক খবর— এবার টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাবলেট ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।
সম্প্রচারস্বত্ব নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সেই জটিলতার অবসান হয়েছে। ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস ও সময় টেলিভিশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রচারসংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ফলে ঘরের বাইরে থাকলেও প্রিয় দলের খেলা মিস হওয়ার সুযোগ নেই। স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ ব্যবহার করেই দর্শকরা সহজে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের উত্তেজনা। মোবাইলে ম্যাচ দেখার জন্য ব্যবহার করা যাবে রবি গ্রাহকদের ‘মাই রবি’ অ্যাপ, বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’, গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’।
তবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগ করতে দর্শকদের নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সহজেই অ্যাকাউন্ট খুলে বা সাইন আপ সম্পন্ন করে খেলা দেখা যাবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের বাংলাদেশি সম্প্রচারস্বত্বের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ থেকে ৪৯ কোটি টাকার সমান।
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক উত্তর আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আজ বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।
এবারের বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই মহাযজ্ঞে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ১১টি ভেন্যু, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।
আপনার মতামত লিখুন :