২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর এবার বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য, সরকারের অগ্রাধিকার খাত এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত কৌশল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন। পাশাপাশি বাজেট নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া নানা প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।
এবারের বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে। অন্যদিকে বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে, যার মধ্যে ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, বাজেট ঘাটতির অর্থায়ন এবং প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কৌশলই আলোচনার প্রধান বিষয় হয়ে উঠতে পারে। ফলে বাজেট বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :