প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর ভাষায়, এটি একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) বাজেট, যেখানে দেশের প্রতিটি মানুষের অংশগ্রহণ ও কল্যাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাজেট প্রণয়নের পেছনে সরকার সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়েছে। তবে এই প্রচেষ্টা কতটা সফল হয়েছে, তার চূড়ান্ত মূল্যায়ন করবেন দেশের জনগণ।
অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি বিশেষ প্রেক্ষাপটে প্রণীত হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং নতুন সরকারের অধীনে দায়িত্ব গ্রহণের পর জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেড়েছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার অল্প সময়ের মধ্যেই সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অর্থনীতিকে আরও গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। যারা এতদিন মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিলেন, তাদেরও উন্নয়নের স্রোতে যুক্ত করার জন্য বিশেষ বরাদ্দ ও উদ্যোগ রাখা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে কেবল তাৎক্ষণিক প্রয়োজন নয়, ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপও তুলে ধরা হয়েছে। সেই পরিকল্পনার ভিত্তিতে অর্থনীতিকে আরও শক্তিশালী, উৎপাদনমুখী ও টেকসই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্য সামনে রেখে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :