​ডিআইজিকে স্যালুট না দেওয়ার ময়মনসিংহে দুই ট্রাফিক কনস্টেবল বদলি

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১০:১০ পিএম

ময়মনসিংহে ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনকালে রেঞ্জ ডিআইজিকে স্যালুট না দেওয়ার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে শাস্তিমূলকভাবে অন্য জেলায় বদলি করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশের সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং এক ধরনের মনস্তাত্ত্বিক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​ঘটনাটি যেভাবে ঘটলো: পুলিশের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর প্রবেশমুখ গোলচত্বর এলাকায় তীব্র যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের দুই কনস্টেবল—ইমরান হাসমী ও মানিক। ওই সময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া তার সরকারি গাড়িযোগে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন।

​অভিযোগ উঠেছে, যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় ওই দুই কনস্টেবল ডিআইজির গাড়ি লক্ষ্য করেননি এবং তাকে স্যালুট দিতে পারেননি। বিষয়টি ডিআইজির নজরে আসলে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়ে এক আদেশে:

​কনস্টেবল ইমরান হাসমীকে শেরপুর জেলায় এবং ​কনস্টেবল মানিককে জামালপুর জেলায় বদলি করা হয়। এখানে উল্লেখ্য যে, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) রুল অনুযায়ী কর্তব্যরত ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের স্যালুট না দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে।

​পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া: নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একাধিক সদস্য জানান, তীব্র রোদ-বৃষ্টি কিংবা যানজটের মতো চরম চাপের মুহূর্তে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে স্যালুট দেওয়ার মতো আনুষ্ঠানিকতা অনেক সময়ই খেয়াল থাকে না। এমন একটি ছোট কারণে তাৎক্ষণিক দূরবর্তী জেলায় বদলির সিদ্ধান্ত পুলিশ বাহিনীর জুনিয়র সদস্যদের মধ্যে এক ধরনের ভীতি ও উদ্বেগের জন্ম দিয়েছে।

​বক্তব্য: এই বদলির বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।  ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া বদলিকে নিয়ম মাফিক বলে মন্তব্য করলেও ফোর্সের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে।

Advertisement

Link copied!