ইরান দলের বেস ক্যাম্পের সামনেই মিলল মরদেহ, বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১০:০২ এএম

মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। তবে দলের বেস ক্যাম্প ও অনুশীলন ভেন্যুর একেবারে সামনে থেকে একটি পচনশীল মরদেহ উদ্ধারের ঘটনায় বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বর্তমানে তিহুয়ানার একটি ম্যারিয়ট হোটেলে অবস্থান করছে ইরান দল। কাছাকাছি অবস্থিত কালিয়েন্তে স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন ফুটবলাররা। গত ১০ জুন থেকে স্টেডিয়ামের বিপরীতে একটি সুপারমার্কেটের পার্কিং এলাকায় ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেটযুক্ত ধূসর রঙের একটি টয়োটা এসইউভি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

সাম্প্রতিক গরম আবহাওয়ায় তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে গাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ১২ জুন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির ট্রাঙ্ক খুলে কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটি মরদেহ উদ্ধার করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মরদেহে সহিংস হামলার সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

তিহুয়ানা প্রসিকিউটর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, মরদেহটি অন্তত ১০ জুন থেকে সেখানে ছিল এবং প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। অপরাধ তদন্তকারী কর্মকর্তারা গাড়িটি পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান। ঘটনার কিছুক্ষণের মধ্যেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে স্টেডিয়াম ত্যাগ করে ইরান দল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে মেক্সিকোর তিহুয়ানায় বেস ক্যাম্প স্থানান্তর করা হয়।

মাদক চক্রের সহিংসতার জন্য দীর্ঘদিন ধরেই আলোচিত তিহুয়ানা। স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী, গত বছর শহরটিতে এক হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ইরান দলকে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর পাহারায় রাখা হয়েছে, তবু তাদের ক্যাম্পের এত কাছাকাছি একটি হত্যাকাণ্ডের ঘটনা ফুটবলারদের নিরাপত্তা ও আয়োজক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!