বিশ্বকাপ মিশনটা দারুণভাবেই শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে আসরের প্রথম ম্যাচেই শক্ত অবস্থানের জানান দিয়েছে তারা। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মার্কিনরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই কিক-অফ থেকে লম্বা বল খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এক মিনিট পর ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে ফোলারিন বালোগুন সুযোগ পেলেও তার শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গাতো গিল।
তবে সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ক্রিশ্চিয়ান পুলিসিক ও ম্যাককেনির চমৎকার সমন্বয়ে তৈরি আক্রমণ ঠেকাতে গিয়ে বিপত্তি ঘটান প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই পাঠিয়ে দেন তিনি। আত্মঘাতী সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
গোল হজমের পর প্যারাগুয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায়। ১৪ মিনিটে হুলিও এনসিসোর দূরপাল্লার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও আক্রমণের ধার বজায় রাখে। ১৬ মিনিটে বালোগুন ও সের্হিনিও ডেস্টের দারুণ সমন্বয় থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে বিপদ সামাল দেন গুসতাভো গোমেজ।
২৮ মিনিটে বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে তিন মিনিট পর আর হতাশ হতে হয়নি তাকে। ৩১তম মিনিটে পুলিসিকের নিখুঁত পাস ধরে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গিলকে পরাস্ত করেন বালোগুন। তাতে ব্যবধান দাঁড়ায় ২-০।
দুই গোলে পিছিয়ে পড়েও প্যারাগুয়ে লড়াই চালিয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের সংগঠিত রক্ষণভাগ তাদের সুযোগ তৈরি করতে দেয়নি। উল্টো প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকটি আক্রমণে চাপে পড়ে দক্ষিণ আমেরিকার দলটি। ৪৩ মিনিটে কাছাকাছি দূরত্ব থেকে নেওয়া এক শটে গোলের সম্ভাবনা তৈরি হলেও দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন গিল।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে যুক্তরাষ্ট্রের তৃতীয় গোল। মালিক টিলম্যানের চমৎকার পাস ধরে ডিফেন্স ভেঙে নিজের দ্বিতীয় গোলটি করেন বালোগুন। তার জোড়া গোলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে হুলিও এনসিসোর গোলে ব্যবধান কমায় তারা। তবে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করতে পারেনি দলটি।
নির্ধারিত সময়ের ৯০ মিনিটে আরও একবার প্যারাগুয়ের জালে বল পাঠায় যুক্তরাষ্ট্র। চতুর্থ গোলের মাধ্যমে ৪-১ ব্যবধানের নিশ্চিত জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিকরা। দাপুটে এই জয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানেরও বার্তা দিল মার্কিনরা।
আপনার মতামত লিখুন :