দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা নতুন রাজনৈতিক ঠিকানা বেছে নিতে চলেছেন। তবে তাঁরা সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না। সূত্রের খবর, বিদ্রোহী সাংসদরা ত্রিপুরাভিত্তিক ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিতে চলেছেন, যা বর্তমানে এনডিএ জোটের শরিক দল হিসেবে পরিচিত।
এর আগে বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক এবং পরে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের পর সেই জল্পনা আরও তীব্র হয়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, তাঁরা কি সরাসরি বিজেপির পতাকাতলে যাচ্ছেন, নাকি অন্য কোনও পথ বেছে নেবেন?
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সেই প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যায়। জানা যায়, তাঁরা এনসিপিআই-তেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরা ও অসমে সক্রিয় এই বাঙালি-কেন্দ্রিক রাজনৈতিক দল এতদিন পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য উপস্থিতি গড়ে তুলতে পারেনি। তবে তৃণমূলের একাধিক বিদ্রোহী সাংসদের যোগদানের ফলে এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানেও সক্রিয়ভাবে পা রাখতে চলেছে এনসিপিআই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতার নতুন ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন সমীকরণেরও সূচনা হতে পারে।
আপনার মতামত লিখুন :