ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি ১৯ জুন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:০১ এএম

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। রবিবার (১৪ জুন) দিবাগত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথকভাবে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি জানান, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য সম্পূর্ণ টোলমুক্ত রাখা হবে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও প্রত্যাহার করা হবে।

পোস্টে ট্রাম্প লেখেন, “বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।”

পরে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে সম্মতির কথা নিশ্চিত করেন।

এর আগে একই দিন লেবাননে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তির একেবারে দ্বারপ্রান্তে, তখন এমন হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বিচার-বিবেচনাহীন’ পদক্ষেপের পরিচয় বহন করে।

অন্যদিকে, শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানান ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি অভিযোগ করেন, এ ঘটনা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইচ্ছা ও সক্ষমতা’ রাখে না।

Link copied!