তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষকের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৬:৩২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানার সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্কুলশিক্ষক, চা-শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তারা গ্রেপ্তার আসামি আনোয়ারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল এবং বিচার কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। বর্তমানে সে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগীর পরিবার শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করে।

Link copied!