মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পারভেজ মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পাশাপাশি একটি এস্কেভেটর অকার্যকর এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পযন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র খননযন্ত্র ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে পারভেজ মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর (খননযন্ত্র) অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে সিংগাইর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা কৃষি উৎপাদন, পরিবেশ ও জীববৈচিত্র্যরে জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ মাটি ব্যবসা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :