সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে পতিত সরকারি খাস ভূমি ব্যক্তি উদ্যোগে নিলামের অভিযোগ উঠেছে। তফসিলে অন্তর্ভুক্ত জলকৈর ছৈয়া মৌজার জেএল নং : ৪৭, বিএস খতিয়ান নং: ০১ বিএস দাগ নং: ৩০৬ এর অন্তর্ভুক্ত ভূমিটি আমতৈল বাজারের অংশ বিশেষ বলে জানা গেছে। সম্প্রতি আমতৈল জমসের পুর গ্রামের মৃত সোনা উল্লাহর পুত্র আবুল বশর গং ও তাদের কতিপয় কিছু লোকজন একই এলাকায় মৃত রকিব মিয়ার পুত্র মো. আলামিন ও মৃত আবদুল হাদির পুত্র হাজী হারুনুর রশীদ কে ৩৯ লক্ষ টাকায় সরকারি খাস ভূমিটি নিলাম দিয়ে দেন। একই সাথে এই জায়গায় মুদির দোকান সহ তিনটি ভাসমান দোকান উচ্ছেদ করেন তাঁরা। সরজমিন গিয়ে জানা যায়,দীর্ঘদিন যাবত কিছু দারিদ্র্য ও ক্ষুদ্র ব্যবসায়ী,সাধারণ মানুষ এই ভূমিটি ব্যবহার করে আসছে। ভূমিটি নিলাম দেওয়ার খবরে এলাকায় ব্যবসায়ী,সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিষয়টির নজরদারি ও আইনানুগ ব্যবস্থা চেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান বরাবরে একটি অভিযোগও দাখিল করেন স্হানীয় এলাকার মানুষ। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পূর্বে নিলাম দেওয়ায় অভিযুক্ত আবুল বশর কে জিজ্ঞেস করা হলে তিনি এই বিষয়টি জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। নিলামে ক্রয়কৃত ব্যক্তি আলামিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা সরকারি জায়গা তখনও জানতাম না,এই নিলাম নিতে আগ্রহী নয়,জোরপূর্বক তাঁরা দু'জনকে নিলাম দেওয়া হয়েছে, কিন্তু এই নিলাম তাঁরা নিচ্ছেন না।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফর রহমান জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি জায়গা কখনও কোন ব্যক্তি গোষ্ঠী নিলাম দিতে পারেনা,আমরা বিষয়টি যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।
আপনার মতামত লিখুন :