আনোয়ারা উপজেলায় খাদিজা আক্তার কাশফি (১৮) নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসে রেখে পালিয়ে গেছেন তার স্বামী মো. মারুফ (২১)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
নিহত কাশফি উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির আবদুল জলিলের মেয়ে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
তার স্বামী মো. মারুফ একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কাশফিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বামী মারুফ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পরপরই তিনি লাশ জরুরি বিভাগে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী জানান, কিশোরী গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার গলায় মোটা দাগ পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী মারুফ পলাতক রয়েছে।
আপনার মতামত লিখুন :