খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ হাজার কেজি চাল জব্দ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০১:০৬ পিএম

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বাজারজাত করার সময় মোট ৩৩ হাজার ১০০ কেজি চাল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার পৌর শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (৪২)। তিনি সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে এবং জব্দকৃত চালের মালিক।

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের তথ্যমতে, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় এই চাল মজুত ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযোগ অনুযায়ী, সরকারি ৫০ কেজির বস্তা খুলে নতুন ৩০ কেজির বস্তায় চাল ভরে পুনরায় বেশি দামে বিক্রির চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া বস্তাগুলোতে খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মেয়াদ উল্লেখ ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরোনো বছরের (২০১৯–২০২৫) চাল কম দামে সংগ্রহ করে নতুন বস্তায় ভরে বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল।

 

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Link copied!