দাগনভূঞায় মাদকবিরোধী সভা: তরুণ জহির উদ্দিন বাবুর উদ্যোগে সাড়া

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০২:০৭ পিএম

মোঃ শামসুদ্দিন জাফর, দাগনভূঞা: সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে যখন প্রয়োজন সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ, ঠিক সেই সময় দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সমাজসেবক জহির উদ্দিন বাবু। তার উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভাকে ঘিরে ইতোমধ্যে রামনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার রামনগর কে.এম.সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সমাজে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়লেও এ বিষয়ে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকে তরুণ জহির উদ্দিন বাবুর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজ তার এ প্রচেষ্টার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

অনেকেই মনে করছেন, প্রশাসন ও জনগণের সমন্বয়ে আয়োজিত এই মতবিনিময় সভা মাদক নির্মূলে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং তরুণদের সুস্থ সমাজ গঠনে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। আয়োজক জহির উদ্দিন বাবু বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সভার মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাতে চাই।”

রামনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এবং জহির উদ্দিন বাবুর উদ্যোগে অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভাকে ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, তরুণদের নেতৃত্বে এ ধরনের সামাজিক উদ্যোগই পারে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রামনগরের এই উদ্যোগ এখন দাগনভূঞাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

Link copied!