ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তম্ভের উদ্বোধন

জয়নাল আবেদীন রিটন , ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০২:৫৬ পিএম

ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু সড়কের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তাঁর বাসভবনের সামনে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক এ কে মোবারক আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, আবদুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নরসিংদীর রায়পুরা ফজলুল হক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান ভূঁইয়া, পিএসটিসির নির্বাহী পরিচালক ডাঃ নুর মোহাম্মদ এবং তাঁর পরিবারের পক্ষ থেকে তারই চাচাতো ভাই ডাঃ আবদুল্লাহ-আল মারুফ।

এ সময় বক্তারা স্মৃতিস্তম্ভটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করার জন্য ভৈরব পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেনুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তাঁর কন্যা গীতালী হাসান স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে তাঁর বাবার স্মৃতি ধরে রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা স্বীকার করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কমান্ডার আবদুর রউফ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের গৌরব অর্জন করেছেন। তাঁকে সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বাধীনতা পদকে ভূষিত করেছে। এই মহান ব্যক্তি ভৈরবের গর্ব হয়ে থাকবেন।

প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ তাঁর বক্তৃতায় বলেন, "আমরা ছোটবেলা থেকে কমান্ডার রউফের নাম শুনেছি। তাঁর গৌরবগাঁথা বীরত্ব জাতি স্মরণ রাখবে। আজ তাঁর স্মৃতিস্তম্ভটি আমি উদ্বোধন করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।" তিনি বলেন, "সবশেষে তাঁর স্মৃতিকে সকলেই ধরে রাখতে হবে ও নতুন প্রজন্মকে জানাতে হবে।"

Advertisement

Link copied!