কিশোরগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মুখমণ্ডল থেঁতলানো মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০১:৪৯ পিএম

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কালনী নদীর তীর থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মুখমণ্ডল থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, টাকার লোভে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সামনে কালনী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. শফিক মিয়া (৩১) ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিক মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং তার দুই কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা করা হয়। মীমাংসা অনুযায়ী সাবেক স্ত্রীকে ভরণপোষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

এলাকাবাসীর দাবি, শফিকের কাছে প্রায় ৪০ হাজার টাকা ছিল এবং বাকি ১০ হাজার টাকা সংগ্রহের চেষ্টা করছিলেন তিনি। টাকাগুলো সবসময় নিজের কাছেই রাখতেন। এ কারণে অর্থ লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Advertisement

Link copied!