বকশীগঞ্জে মাসব্যাপী ফুটবল খেলা, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে মাসব্যাপী ফুটবল খেলা উপভোগের আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে নিলক্ষিয়া ইউনিয়নের বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জানকিপুর বাঁশকান্দা গ্রামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় এবং বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকটের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শরীফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা, নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ইসমত দোহা হিটলার, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, সেলিম, বদরুল ইসলাম অন্তর, রাজন, নয়ন, আসলাম, আকাশ, রবিন, রুবেলসহ স্থানীয় আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মুরাদ হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ওপর আমাদের জোর দিতে হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। এই তিনটি কাজই বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট শুরু করেছে। বর্তমান সরকারও এই ধরনের কর্মসূচি পালন করছে। তাই তিনি সংগঠনের নেতৃবৃন্দকে সাধুবাদ জানান।

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা এবং বাঁশকান্দা গ্রামকে আলোকিত করার লক্ষ্যে জনস্বার্থে ৫টি সোলার প্যানেল স্থাপন করা হলো। তিনি আরও জানান, তারা একটি গ্রাম থেকে সামাজিক কর্মকাণ্ড শুরু করেছেন এবং উপজেলার প্রতিটি গ্রামেই এর কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়াও ২০২৬ সালের বিশ্বকাপ খেলা যেন সহজেই উপভোগ করা যায়, তার জন্য নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Link copied!