কালিয়াকৈরে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও সমাবেশ

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০৭:৩৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বলিয়াদী ও নাওলা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নাওলা আজাহার এর দোকানপাড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ৫ নম্বর শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ টিপু খান বলেন, “মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলাল উদ্দিন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে মাদক নির্মূল করা সম্ভব।”

এসময় উপস্থিত ছিলেন শ্রীফলতলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, আব্দুল বারেক, কিসমত মিয়া মাতব্বর, মোঃ সমন আলী মাতব্বর, শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ নাছির হোসেন, যুবদল নেতা পলাশ হোসেনসহ ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা। সমাবেশ শেষে এলাকাকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Link copied!