পুরোনো ভিডিও দিয়ে মিছিলের গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১০:৩৬ পিএম

নোয়াখালীতে আওয়ামী লীগের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিও ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। তিনি জানান, ফেসবুকের কয়েকটি আইডি থেকে ‘নিষিদ্ধ দলের রাজকীয় প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীর আপামর জনতা পবিত্র জুমার নামাজের পর স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেছে’ শিরোনামে একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র প্রচার করা হচ্ছে।

পুলিশের দাবি, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। শুক্রবার নোয়াখালী জেলার কোথাও এ ধরনের কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিও ও ছবিগুলো বর্তমান সময়ের নয়; এগুলো অনেক আগে ধারণ করা ফুটেজ ও স্থিরচিত্র থেকে নেওয়া হয়েছে। এছাড়া ভিডিওতে ব্যবহৃত স্লোগানও সম্পাদনার মাধ্যমে সংযোজন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এসব প্রচার করা হচ্ছে বলে পুলিশের ধারণা।

 

এসপি এন এম নাসিরুদ্দিন বলেন, ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ফেসবুক আইডিগুলো শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!