রিয়াজ শরীফ,বরিশাল : পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৬) নামে এক যুবক। এদিকে আত্মহত্যার একদিন আগে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মাহামুদা বেগমকে নিজ বাড়ীতে ফিরিয়ে নিতে শশুর বাড়িতে গিয়েছিলেন বাদল সিকদার। শুক্রবার ১৯ জুন সকাল ৯ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে বাদল সিকদারের সঙ্গে প্রায় ২১-২২ বছর পূর্বে রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের মৃত আবদুস সালাম সিকদারের কন্যা মাহামুদা বেগমের সাথে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাদল সিকদার ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন।
তার সাথে স্ত্রীর প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। সেই কলহের জেরে স্ত্রী মাহমুদা বেগম গত কয়েকদিন আগে বাপের বাড়ি চলে আসেন। স্ত্রীকে ফিরিয়ে নিতে বাদল বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার সকালে তার স্ত্রী তার বাড়িতে ফিরবে না বলে জানালে শ্বশুরবাড়ির উঠানে দাঁড়িয়েই তিনি বিষপান করেন। সেখানে বিষ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে থাকেন। শ্বশুর বাড়ির লোকজন তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, শুক্রবার সকালে বাদল বিষপান করলে শ্বশুরবাড়ি লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :