দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ১, আহত ৮৯

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৮:৫০ এএম

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও চিকিৎসা সেবা সংস্থাগুলো।

ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, ২২ জন গুরুতর আহত এবং আরও ৫৬ জন তুলনামূলকভাবে কম গুরুতর আঘাত পেয়েছেন।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের উপকণ্ঠে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

লন্ডন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। বিবৃতিতে ট্রেনচালকের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বেডফোর্ড পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার কথা জানানো হয়েছে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে কাজ করছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

Link copied!