ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে এক অস্বস্তিকর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আকস্মিক সাক্ষাতে পরস্পরকে অভিবাদন জানান দুই রাষ্ট্রনেতা।
ভিডিও অনুযায়ী, মেলোনি সামনে এগিয়ে আসার মুহূর্তে জেলেনস্কি তাকে ঠোঁটে চুম্বনের চেষ্টা করেন। তবে পরিস্থিতি দ্রুতই সামলে নিয়ে পাশ্চাত্য কূটনৈতিক রীতি অনুযায়ী তারা একে অপরের গালে গাল ছুঁয়ে অভিবাদন বিনিময় করেন। এরপর অল্প সময়ের মধ্যেই দুজন নিজ নিজ পথে এগিয়ে যান।
ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে এটিকে কূটনৈতিক সৌজন্য বিনিময়ের ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপ করছেন।
অন্যদিকে, জি-৭ সম্মেলনের আরেকটি মুহূর্তও নেটদুনিয়ায় আলোচনায় এসেছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে উষ্ণ করমর্দন ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা দেখা যায়।
ফটোসেশনের আগে রাষ্ট্রনেতাদের ভিড়ের মধ্য থেকে এগিয়ে এসে মোদির সঙ্গে করমর্দন করেন মেলোনি। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় এবং হাস্যোজ্জ্বল পরিবেশ তৈরি হয়।
প্রতিবেদনে বলা হয়, আলাপের সময় মোদি বলেন, “আপনার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে।” জবাবে মেলোনি হাসতে হাসতে মন্তব্য করেন, “হ্যাঁ, আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে মোদি ও মেলোনির পারস্পরিক সৌহার্দ্য ও একসঙ্গে তোলা ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে, যা তাদের ‘মেলোডি’ নামে পরিচিত জুটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।
আপনার মতামত লিখুন :