আবেদন নাগপুরে, কেন্দ্র আবুধাবি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৪:১১ পিএম

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘রি-নিট ইউজি ২০২৬’ ঘিরে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে তার পরীক্ষাকেন্দ্র হিসেবে ভারতের কোনো শহরের বদলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির নাম উল্লেখ করা হয়েছে।

আব্দুল্লাহ মোহাম্মদ তালিব নামের ওই শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করে হতবাক হয়ে যান। সেখানে দেখা যায়, পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবির একটি ভারতীয় স্কুল নির্ধারণ করা হয়েছে। অথচ তিনি আবেদন করেছিলেন পুরোপুরি ভারতের ভেতরের কেন্দ্র নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা— এই তিনটি শহরের মধ্যে যেকোনো একটিতে পরীক্ষা দেওয়ার জন্য।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীর কোনো পাসপোর্ট নেই। ফলে বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বিষয়টি ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে স্বীকার করে নেয়। সংস্থাটি জানায়, ভুলটি দ্রুত সংশোধন করা হবে এবং সঠিক পরীক্ষাকেন্দ্র উল্লেখ করে নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।

এনটিএ আরও আশ্বস্ত করেছে যে বিষয়টি যাচাই-বাছাই শেষে কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান করে নাগপুরে নতুন কেন্দ্র নির্ধারণ করা হবে।

 

উল্লেখ্য, ‘রি-নিট ইউজি ২০২৬’ পরীক্ষা আগামী ২১ জুন দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

Link copied!