দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান দাবি করেছে, লেবাননে ইসরায়েলের এই অভিযান ওয়াশিংটনের সঙ্গে তাদের স্বাক্ষরিত সমঝোতার পরিপন্থী।
শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে পরিকল্পনা অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে, যাতে প্রতিপক্ষকে তাদের অঙ্গীকার মেনে চলতে বাধ্য করা যায়।
এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে লেবাননের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা হলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না বলেও সতর্ক করেছে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :