নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ: বিআইডব্লিউটিএ-এর পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১২:৫২ পিএম

​নিজস্ব প্রতিবেদক : ​বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নারী কেলেঙ্কারি, দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগে আজ মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

​দপ্তর আদেশে বলা হয়েছে, একেএম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ সংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এর ফলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

​এই প্রেক্ষিতে, 'বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এর কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০' এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে, বিধি ৪১(১) মোতাবেক তাঁকে কর্তৃপক্ষের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।​আদেশে আরও জানানো হয়: ​সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।​তবে এই খোরাকী ভাতা পাওয়ার শর্ত হিসেবে তাঁকে কর্তৃপক্ষের প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা প্রদান করতে হবে।

​একেএম আরিফ উদ্দিনের বরখাস্তের পর তাঁর শূন্য পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিআইডব্লিউটিএ-এর প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। ​বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

Advertisement

Link copied!