সাপাহার সীমান্তে পুশ-ইন চেষ্টার পর ৯ জনকে ফেরত নিয়েছে বিএসএফ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৪:২৫ পিএম

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা ৯ জন ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত নিয়ে গেছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৪৪/এমপি সংলগ্ন এলাকা দিয়ে ২৯ ব্যাটালিয়ন বিএসএফের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে (৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু) বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি জানায়, ঘটনার পর ওই ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান বা চলাচল আর দেখা যাচ্ছে না। এ কারণে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

Advertisement

Link copied!