মাদককে না বলুন শাহরাস্তিতে ওসি মীর মাহবুবুর রহমানের দৃঢ় আহ্বান

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১২:০২ পিএম

মাদকের অন্ধকার দূর করে একটি নিরাপদ, সুস্থ ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ। স্থানীয় সামাজিক সংগঠন আবাবিল ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত)।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং পুলিশের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।ওসি মীর মাহবুবুর রহমান আরও বলেন, "শাহরাস্তি থানাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে এবং মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।"

তিনি উপস্থিত সকলকে মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করেন এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার এবং তাদের চলাফেরা ও বন্ধুমহলের প্রতি নজর রাখার পরামর্শ দেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততাও সমান গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সমাবেশটি মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় থাকার এবং শাহরাস্তিকে মাদকমুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!