জলঢাকায় দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নীলফামারীর জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর সাত্তার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল তত্ত্বাবধানে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

মহিলা অভিভাবক সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে হাঁস প্রতীক নিয়ে মৌসুমী আক্তার সর্বোচ্চ ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হন। বই প্রতীক নিয়ে সম্পা আক্তার ২৪০ ভোট পেয়ে ২য় হন, কলস প্রতীক নিয়ে তাসনিম বেগম পান ২২৪ ভোট এবং আম প্রতীক নিয়ে পারভিন আক্তার পান ১৩০ ভোট। এ পদে মোট বৈধ ভোট পড়ে ৯৪৬টি। অন্যদিকে পুরুষ অভিভাবক সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হরিণ প্রতীক নিয়ে রখসাদ হোসেন (রুবেল) সর্বোচ্চ ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ফুটবল প্রতীক নিয়ে মহাসিন আলী ২৩৬ ভোট পেয়ে ২য় হন, মাছ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম (রফিক) পান ২১৯ ভোট এবং আনারস প্রতীক নিয়ে ফুরাদ হোসেন পান ১৬৪ ভোট। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত অভিভাবক সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা এবং শিক্ষক-অভিভাব কদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত মহিলা অভিভাবক সদস্য মৌসুমী আক্তার বলেন, অভিভাবকরা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে নিষ্ঠার সঙ্গে কাজ করব।  নবনির্বাচিত পুরুষ অভিভাবক সদস্য রখসাদ হোসেন (রুবেল) বলেন, এই বিজয় শুধু আমার নয়, বিদ্যালয়ের সকল অভিভাবকের। আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

বিদ্যালয় সংশ্লিষ্টরা নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন পরিচালনা কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার ফলে পুরো নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। আমরা আশা করি, নবনির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাবে

Advertisement

Link copied!