মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের মজুদকৃত সার জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহরাইল বাজারের কয়েকজন সার ডিলার ও খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। অভিযোগ রয়েছে, একটি অসাধু চক্র সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের জিম্মি করে বেশি দামে সার বিক্রি করছিল।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় আকাশ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, রনি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং মনির ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সালাম এন্টারপ্রাইজের মজুদকৃত সার জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, "কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
আপনার মতামত লিখুন :