টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তল্লাই বিলে অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৩০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামের অংশে অবস্থিত তল্লাই বিলে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত)-এর আওতায় পরিচালিত এই অভিযানে ১ হাজার ৩০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করার পর তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন,
দেশীয় প্রজাতির মাছ এমনিতেই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। একশ্রেণির অসাধু ব্যক্তি অবৈধ চায়না জাল ব্যবহার করে ছোট মাছ, রেণু পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে নিধন করছে। এতে আমাদের মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।"
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রজনন ও রেণু পোনা সুরক্ষায় নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বন্ধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :