কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪১ নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষে দীর্ঘদিন ধরে ফ্যান না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
অভিভাবকদের দাবি, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কয়েকটি শ্রেণিকক্ষে ফ্যান না থাকায় শিক্ষার্থীদের পাঠ গ্রহণে সমস্যা হচ্ছে। গরমের কারণে অনেক শিক্ষার্থী ক্লাস চলাকালে বারবার শ্রেণিকক্ষ থেকে বের হয়ে টিউবওয়েল থেকে পানি পান করছে। এতে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে এবং অনেক শিক্ষার্থী স্কুলে আসতেও অনীহা প্রকাশ করছে।
একাধিক অভিভাবক জানান, তীব্র গরমের মধ্যে ফ্যান ছাড়া শ্রেণিকক্ষে ছোট শিশুদের দীর্ঘ সময় বসে থাকা কষ্টকর হয়ে উঠেছে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহার বলেন, বিদ্যালয়ে টিনশেডের পুরাতন ভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায়ই ফ্যান ও পানির মোটর চুরির ঘটনা ঘটছে। ফলে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেও তা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত ফ্যান স্থাপন ও শ্রেণিকক্ষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন অভিভাবকরা।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান না থাকায় শিক্ষার্থীদের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহনীয় শিক্ষা পরিবেশ নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অগ্রাধিকার।”
আপনার মতামত লিখুন :