আজ ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১০:৪০ এএম

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। গত ২২ জুন ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

এর আগে গত ১৪ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বিচারকার্য সমাপ্ত হয় এবং মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকে। পরে ২২ জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ প্রদান এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে টেলিফোনে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ।

Link copied!