স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০২:৩৭ পিএম

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর ডাক ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনেও এই ব্যবস্থা বহাল থাকবে। তিনি বলেন, যত বেশি সম্ভব প্রবাসী বাংলাদেশিকে এ ব্যবস্থার আওতায় আনতে কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

অন্যদিকে, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, আপাতত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

 

জেলা পরিষদের কাঠামো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংশ্লিষ্ট জেলার নির্বাচিত সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

Link copied!