রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খাগজানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে পাংশা থেকে দৌলতদিয়া অভিমুখে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পথিমধ্যে খাগজানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী ‘চৌধুরী ডিলাক্স পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :