ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর এলাকায় মূল্যবান দলিলপত্র জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। বুধবার (১ জুলাই) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলগাজী থানার জি.আর-১০২/২২ নম্বর মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে ভোর প্রায় ৬টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার আসামি মীর কাশেম ও মো. সফিকুর রহমানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) ডিপলু বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়। দীর্ঘদিন ধরে চলমান মূল্যবান দলিলপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশ আরও জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়ন, পলাতক আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :