সিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৭:৩৯ পিএম


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত আকবরশাহ থানাধীন ইস্পাহানী সি গেট ও পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই রবিউল হোসেন, এএসআই মেজবাহ উদ্দিন, এএসআই মো. জসিম উদ্দিনসহ একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন— তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) এবং ইউনুস হৃদয় ওরফে বড় বাচা (৪৮)। তারা আকবরশাহ থানার একটি নিয়মিত চুরির মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আকবরশাহ থানা পুলিশ।

Advertisement

Link copied!