চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান (২০), সাগর (১৯), অন্তর (২৩), সাহাব উদ্দিন (৩০), মো. রাকিব (২০), মো. রাসেল (২৭), ফয়সাল (২৬) ও ইমন (২৩)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা বিভিন্ন ছিনতাইকারী চক্রের সঙ্গে যোগসাজশ করে ট্রেনের প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই নেমে যাওয়া যাত্রী, রিয়াজউদ্দিন বাজার, ফলমণ্ডি ও নিউ মার্কেট এলাকায় আসা ব্যবসায়ী এবং পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মেহেদী হাসানের বিরুদ্ধে দুটি, অন্তরের বিরুদ্ধে দুটি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও বিস্ফোরকসহ পাঁচটি এবং রাসেলের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট নয়টি মামলা বিচারাধীন রয়েছে। সিএমপি জানায়, নগরীতে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :