সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। সভার শুরুতে পূজা উদযাপন কমিটির নেতারা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের ভূমিকারও প্রশংসা করেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, বাংলাদেশ পুলিশ সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :