গাজীপুরে আবারও আওয়ামী লীগ-সমর্থিত নেতাকর্মীদের প্রকাশ্য মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কয়েকশ' নেতাকর্মী শক্তি প্রদর্শনে মিছিল করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রাজেন্দ্রপুর বাজারে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। তথ্য অনুযায়ী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল মিছিলে নেতৃত্ব দেন। সমাবেশে তিনি শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটির ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
অপরদিকে, গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাস্থলটি জিএমপির আওতাধীন। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রকাশ্যে এ ধরনের মিছিলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সব দিক যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :