আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছে গাজীপুরের কালিয়াকৈরের শিক্ষার্থী সামিনা নূর তাজ। থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬’-এ অংশ নিয়ে এশিয়া অঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এই ক্ষুদে মেধাবী। মাত্র আট বছর বয়সেই তার এ সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনসহ দেশের শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সামিনা নূর তাজ কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার এ গৌরবময় অর্জন উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বিদ্যালয় সূত্রে জানা যায়, জামালপুর জেলার মেস্তা গ্রামের সন্তান সামিনা বর্তমানে পরিবারের সঙ্গে কালিয়াকৈরে বসবাস করছে। ২০২৩ সালের ১ জুন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখায় ভর্তি হওয়ার মাধ্যমে তার শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। শুরু থেকেই পড়াশোনায় মেধা, আত্মবিশ্বাস এবং ইংরেজি ভাষার প্রতি গভীর আগ্রহের পরিচয় দিয়ে সে শিক্ষক ও অভিভাবকদের নজর কাড়ে।
চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকার স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত হিপ্পো অলিম্পিয়াডের প্রথম বাছাই পর্বে অংশগ্রহণের মাধ্যমে সামিনার আন্তর্জাতিক প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। পরে ২৩ মে নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পরবর্তী রাউন্ডে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে সে। সর্বশেষ গত ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের চূড়ান্ত পর্বে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করে বাংলাদেশের জন্য এক অনন্য সম্মান বয়ে আনে।সংবর্ধনা অনুষ্ঠানে সামিনা নূর তাজ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে, শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিবারের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। বিশেষ করে বাবা-মায়ের উৎসাহ ও মায়ের নিবিড় পরিচর্যা তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের প্রতিনিধিত্ব করার প্রত্যয়ও ব্যক্ত করে সে।
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন বলেন, “সামিনার এ অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। তার অসাধারণ মেধা ও সম্ভাবনা শুরু থেকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। আজ সে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে। তার শিক্ষাজীবনের ধারাবাহিক অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
”তিনি আরও জানান, সামিনার ভবিষ্যৎ শিক্ষার ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এশিয়া অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার বিশ্বমঞ্চে প্রতিযোগিতার অপেক্ষায় রয়েছে সামিনা নূর তাজ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ‘ইউনিভার্সাল রাউন্ড’-এ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবে সে। সেখানে সফলতার ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের জন্য আরও একটি আন্তর্জাতিক অর্জন বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা পেলে সামিনা নূর তাজ ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও বৃহত্তর সাফল্য অর্জন করবে।
তুষার আহম্মেদ
আপনার মতামত লিখুন :