বাংলাদেশের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন মাইলফলক। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো গর্ভের ভেতরে থাকা একটি শিশুকে অ্যানেস্থেসিয়া (অজ্ঞান) দিয়ে সফলভাবে জীবনরক্ষাকারী চিকিৎসা সম্পন্ন করেছেন চিকিৎসকরা।
একই সঙ্গে গর্ভেই শিশুকে রক্ত সঞ্চালনের বিরল চিকিৎসাও সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের চিকিৎসা ইতিহাসে প্রথম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (৩০ জুন) হাসপাতালের মা ও গর্ভস্থ শিশুর বিশেষায়িত চিকিৎসা ইউনিটে এ জটিল চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। পরে বৃহস্পতিবার (২ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ২৭ সপ্তাহের গর্ভে থাকা শিশুটি ফিটাল হাইড্রোপস ও তীব্র রক্তশূন্যতায় আক্রান্ত ছিল। নিরাপদে গর্ভেই রক্ত সঞ্চালনের জন্য শিশুর অতিরিক্ত নড়াচড়া বন্ধ করতে Atracurium ওষুধ প্রয়োগের মাধ্যমে তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এরপর সফলভাবে রক্ত সঞ্চালন সম্পন্ন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, গর্ভস্থ শিশুর ওপর এ ধরনের অ্যানেস্থেসিয়া প্রয়োগ এবং গর্ভেই রক্ত সঞ্চালন অত্যন্ত জটিল ও উচ্চ দক্ষতাসম্পন্ন চিকিৎসা পদ্ধতি। এ সফলতা দেশের মাতৃ ও নবজাতক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
আপনার মতামত লিখুন :