গাজীপুরে ভুয়া চিকিৎসকের চিকিৎসা বন্ধ, হাসপাতাল সিলগালা

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৯:০৭ পিএম

গাজীপুরের কাশিমপুর থানার জিরানী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা, সরকারি অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনা ও একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে সাইন্সল্যাব হাসপাতাল সিলগালা করা হয়েছে। রোববার (৫ জুলাই) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখার দায়ে কাওসার আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  হাসপাতালের ম্যানেজার লিটন হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে তিনজনের কাছ থেকে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তদন্তে হাসপাতালটির বৈধ নিবন্ধন না থাকা, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালনা, নিম্নমানের ল্যাবরেটরি পরিচালনা ও একজন চিকিৎসকের প্রেসক্রিপশন অন্য চিকিৎসকের নামে ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Link copied!