পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তুলতে দেশে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
রবিবার দুপুরে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে রাজ কনস্ট্রাকশনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশবান্ধব নির্মাণব্যবস্থা নিশ্চিত করতে কংক্রিট ব্লকের ব্যবহার এখন সময়ের অপরিহার্য দাবি। পরিবেশ সুরক্ষা, কৃষিজমি রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রচলিত পোড়া ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে হবে। এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভার প্রতিপাদ্য ছিল ‘মাটি পোড়াবো না, ইটভাটা কমাবো, কৃষিজমি রক্ষা করবো’। পাশাপাশি ‘আগামী বাংলাদেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
বক্তারা বলেন, পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধি পেলে ইটভাটার ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। এজন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি শিল্পটির বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জিয়াউল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাঈদুর রহমান, গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আতিক শাহরিয়ার রাফিদ, মোহাম্মদ ফারুক খানসহ বিভিন্ন শিল্প-উদ্যোক্তা, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণে কার্যকর নীতিমালা ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে দেশের নির্মাণ খাত আরও টেকসই ও পরিবেশবান্ধব হবে।
আপনার মতামত লিখুন :