নিউইয়র্কে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০৯:৫৩ এএম

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। আগামী ১২ জুলাই দেশে ফেরার সূচি নির্ধারিত রয়েছে।

আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন তিনি।

নিউইয়র্ক সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের পরিচালন সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

 

আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশপ্রধান, মন্ত্রী এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেবেন।

Link copied!