নিজের বেতনের ১০% রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১০:১১ পিএম

প্রধানমন্ত্রী প্রতি মাসে নিজের বেতনের ১০% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ স্বেচ্ছায় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে বিষয়টি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার এই প্রস্তাব গ্রহণ করা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা চাইলে এটি গ্রহণ করতে পারেন, আবার নাও করতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজের বেতনের ১০% রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রীদেরও সামর্থ্য অনুযায়ী একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনিও প্রতি মাসে নিজের বেতনের ১০% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, যার পরিমাণ প্রায় ১১ হাজার ৫০০ টাকা।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তার শোনা মতে, প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও প্রতি মাসে নিজের বেতনের ১০% গরিব, অসহায় মানুষের সহায়তা এবং রাষ্ট্রীয় প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য ফিরিয়ে দিতেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিষয়টিকে কোনো নির্দেশনা হিসেবে নয়, বরং একটি পরামর্শ হিসেবে মন্ত্রিসভার সদস্যদের সামনে তুলে ধরেছেন। মন্ত্রীরাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

Link copied!